ক্লান্তির মধ্যেও প্রোডাকটিভ থাকবেন যেভাবে
অফিসের কাজের চাপ, ডেডলাইন আর মিটিংয়ের ভিড়ে অনেক সময় এমন হয় ক্লান্তিতে আর কাজ করতে ইচ্ছে করে না। চোখে ঝিমুনি, মাথায় ভার, তবুও কাজ থেমে থাকে না। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই ক্লান্তির মাঝেও মনোযোগ ধরে রাখা সম্ভব।প্রথমেই গুরুত্বপূর্ণ হলো ছোট বিরতি নেওয়া। একটানা দীর্ঘ সময় কাজ না করে প্রতি ৬০–৯০ মিনিট পর ৫–১০ মিনিটের বিরতি নিন। এই সময়টায় একটু হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং করলে মস্তিষ্ক আবার সতেজ হয়ে ওঠে।শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। পানিশূন্যতা ক্লান্তি বাড়িয়ে দেয় এবং মনোযোগ কমিয়ে ফেলে। তাই ডেস্কে পানির বোতল রাখুন এবং নিয়মিত অল্প অল্প করে পানি পান করুন।বড় কাজ একসাথে না করে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করা ভালো। এতে চাপ কমে যায় এবং প্রতিটি ধাপ শেষ হলে মানসিক স্বস্তিও পাওয়া যায়, যা ফোকাস ধরে রাখতে সাহায্য করে।কাজের সময় মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে থাকা জরুরি। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কথা এসব এড়িয়ে চলতে পারলে কাজে মন বসে ভালো। প্রয়োজনে ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করুন।এছাড়া কাজের পরিবেশ গুছিয়ে রাখা, ডেস্ক পরিষ্কার রাখা এবং ছোট সবুজ গাছ বা পছন্দের জিনিস রাখলেও মানসিকভাবে স্বস্তি আসে।খাবারের দিকেও খেয়াল রাখা দরকার। খুব ভারী খাবার না খেয়ে হালকা ও স্বাস্থ্যকর খাবার যেমন ফল, বাদাম বা দই খেলে শরীর ভারী লাগে না, আবার শক্তিও পাওয়া যায়।সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত ঘুম। নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুম না হলে ক্লান্তি বাড়ে এবং মনোযোগ কমে যায়। ভালো ঘুম পরের দিনের কাজকে অনেক সহজ করে দেয়।সব মিলিয়ে ক্লান্তি আসবেই, কিন্তু সঠিক অভ্যাস আর সচেতনতা থাকলে সেই ক্লান্তির মাঝেও ফোকাস ধরে রাখা সম্ভব।