বিপ্লবী বার্তা

ম্যানসিটির সঙ্গে গার্দিওলার পথচলা কি শেষের পথে?

ম্যানচেস্টার সিটির সফলতম অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা— এমন গুঞ্জন এখন জোরালো ব্রিটিশ ফুটবল অঙ্গনে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের পরই সিটির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন স্প্যানিশ এই কোচ। যদিও ক্লাব কিংবা গার্দিওলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ভেতরে ভেতরে তার বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেই খবর।বিবিসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার সময় শেষের পথে— এমন ধারণা নিয়েই এগোচ্ছে ম্যানচেস্টার সিটির অভ্যন্তরীণ পরিকল্পনা। ক্লাবের কর্মকর্তারা প্রকাশ্যে বলছেন, তার চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে এবং তারা আশা করছেন আগামী মৌসুমেও তিনি দায়িত্বে থাকবেন। তবে একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যেও সম্ভাব্য বিদায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি গার্দিওলার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের চিন্তাও করছে ক্লাব।ইংলিশ গণমাধ্যমগুলোর তথ্যমতে, অ্যাস্টন ভিলার বিপক্ষের ম্যাচটিই হতে পারে গার্দিওলার শেষ ম্যাচ। নতুন সম্প্রসারিত ‘নর্থ স্ট্যান্ড’-এর নাম তার নামে রাখার প্রস্তাবও নাকি বিবেচনা করা হচ্ছে।২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যান গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে ২০টি শিরোপা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ। শুধু ট্রফি জয় নয়, আধুনিক ফুটবলে আধিপত্য বিস্তারকারী ক্লাব হিসেবেও সিটিকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।চলতি মৌসুমেও সিটি শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে। ইতোমধ্যে এফএ কাপ ঘরে তুলেছে দলটি, আর প্রিমিয়ার লিগেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। ফলে সপ্তম লিগ শিরোপা জিতে বিদায় নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।গত কয়েক মাস ধরেই গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমে। তবে প্রতিবারই তিনি চুক্তির কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে গেছেন। এফএ কাপ ফাইনালের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি এখানেই আছি, আমার চুক্তি এখনও রয়েছে।”আবার বোর্নমাউথ ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের জবাবে কিছুটা বিরক্তি নিয়েই তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমার আরও এক বছর বাকি আছে।”তবে এসব বক্তব্যের পরও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গার্দিওলার বিদায়ের বিষয়টি এখন ক্লাবের ভেতরে অনেকটাই নিশ্চিত হিসেবে ধরা হচ্ছে। এমনকি কয়েকজন বড় স্পন্সরকেও নাকি এ বিষয়ে আগাম জানানো হয়েছে।গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ একসময় সিটিতে গার্দিওলার সহকারী ছিলেন এবং পরবর্তীতে চেলসির দায়িত্বও পালন করেছেন। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পরবর্তী কোচ হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে আছেন।দীর্ঘদিন ধরে টিকিটাকা ও পজিশনাল ফুটবলের মাধ্যমে ইউরোপীয় ফুটবলে নতুন ধারা তৈরি করেছেন গার্দিওলা। তাই তার বিদায় শুধু ম্যানচেস্টার সিটির জন্য নয়, পুরো ইংলিশ ফুটবলের জন্যই একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ম্যানসিটির সঙ্গে গার্দিওলার পথচলা কি শেষের পথে?