বিপ্লবী বার্তা

যশোরের ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’ এর মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতার শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। পুলিশ জানায়, আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বাসাবাড়ি রয়েছে। শাহ মাহমুদ সেখানে একটি বাসা ভাড়া নিতে চাইলেও আনিছুর রহমান রাজি হননি। এ ঘটনার জেরে গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকেই শাহ মাহমুদ আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে নওয়াপাড়া বন্দরের ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনজীবী মুকিতের সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি আইনজীবী মুকিতের সহায়তায় ভারতে পালানোর পরিকল্পনার বিষয়টিও জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।

যশোরের ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার