বিপ্লবী বার্তা

রামিসা হত্যার তীব্র নিন্দা, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর

শিশু রামিসার ওপর সংঘটিত পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এই নৃশংস ঘটনাকে মানবতা, নৈতিকতা, সভ্যতা ও আইনের শাসনের বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।আজ এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, “রামিসার ওপর সংঘটিত এই নির্মম ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। কোনো সভ্য সমাজে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিবৃতিতে প্রতিমন্ত্রী ঘটনার দ্রুত তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন, এই বিচার এমন দৃষ্টান্তমূলক উপায়ে হতে হবে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সমাজে একটি শক্ত বার্তা দেবে। আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে রাষ্ট্র তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, এই কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক অবস্থান জাতিকে গভীরভাবে স্পর্শ করেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়া এবং দ্রুত বিচারের আশ্বাস প্রদানকে তিনি মানবিক নেতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।ন্যায়ভিত্তিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রামিসা হত্যার সুষ্ঠু বিচার হবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বিচার নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে যেন আর কোনো রামিসাকে এমন নির্মমতার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

রামিসা হত্যার তীব্র নিন্দা, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর