বিপ্লবী বার্তা

এইচডিটির ‘ফুড ফর গুড’ প্রকল্পে বদলে গেল হাফিজুরের জীবন

পরনির্ভরশীলতা কমিয়ে কর্মসংস্থানের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে পিরোজপুরে দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)’। সংস্থাটির ‘ফুড ফর গুড’ স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় পিরোজপুর সদর উপজেলার মাটিভাঙ্গা এলাকার হাফিজুর রহমান (৩০) নামে এক অস্বচ্ছল ব্যক্তিকে একটি আধুনিক খাবারের দোকান উপহার দেওয়া হয়েছে। সোমবার (১১মে) বিকাল ৫ টায় আনুষ্ঠানিকভাবে হাফিজুর রহমানের কাছে এই খাবারের দোকানটি হস্তান্তর করা হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছিলেন। নিজের একটি স্থায়ী কর্মসংস্থানের স্বপ্ন থাকলেও পুঁজির অভাবে তিনি তা বাস্তবায়ন করতে পারছিলেন না। হাফিজুরের এই অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে আসে হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট। সংস্থাটি তাদের বিশেষ প্রকল্পের মাধ্যমে তাকে কেবল আর্থিক সহায়তাই নয়, বরং আয়ের একটি স্থায়ী পথ হিসেবে সম্পূর্ণ নতুন একটি খাবারের দোকান তৈরি করে দেয়। এসময় হাফিজুর রহমান বলেন, "দোকানটি করে দেওয়ার ফলে আমি একটি অনিশ্চিত  জীবন থেকে একটি সুন্দর জীবনের মাঝে ফিরে আসতে পারবো। এখন আমার পরিবার পরিচালনা করার জন্য খুবই সুবিধা হবে। আল্লাহর কাছে দোয়া রইল যারা আমাকে এমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।"এসময়ে উপস্থিত ছিলেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা হাছিবুর রহমান হাছিব, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সেক্রেটারী নাইম উদ্দিন আকন এবং হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট এর স্বেচ্ছাসেবক মসিউর রহমান শান্ত সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এইচডিটির ‘ফুড ফর গুড’ প্রকল্পে বদলে গেল হাফিজুরের জীবন