বিপ্লবী বার্তা

সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধ এবং শিশুদের পুনর্বাসনের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা জেলা থেকে শিশুশ্রম নির্মূলে কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপের কথা তুলে ধরেন, জনসচেতনতা বৃদ্ধি: ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে মসজিদ ও মন্দিরের মাধ্যমে প্রচার চালিয়ে জনসচেতনতা তৈরি করা হবে।শিশুদের কাজ থেকে সরিয়ে স্কুলে ফেরাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়।ইউনিয়ন পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদের জন্য এনজিও 'সুশীলন' এর মাধ্যমে বিশেষ পুনর্বাসন কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বক্তব্য রাখেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইয়েদুর রহমান মৃধা, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।এছাড়াও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপু হালদার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী এবং সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ সভায় অংশ নেন।বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাতক্ষীরা জেলাকে শিশুশ্রম মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত