হাঙ্গেরিতে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুশিয়ারি দিলেন মাজিয়ার
হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে দেশকে প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করবেন। বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে মাজিয়ার জানান, আইসিসির সদস্যপদ বহাল থাকলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে আটক করা বাধ্যতামূলক হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।তিনি বলেন, “আমি বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছি।”এর আগে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে।সম্প্রতি নির্বাচনে মাজিয়ারের দল ঐতিহাসিক জয় পায়, যার ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। অরবান পূর্বে ঘোষণা দিয়েছিলেন, হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে যাবে।আইসিসি থেকে হাঙ্গেরির প্রত্যাহার আগামী ২ জুন কার্যকর হওয়ার কথা ছিল। এটি কার্যকর হলে দেশটি ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সদস্য হতো যারা আদালতের সদস্য নয়।তবে মাজিয়ার বলেন, তার সরকার এই সিদ্ধান্ত বাতিল করবে এবং প্রক্রিয়াটি বন্ধ করবে। তার ভাষায়, “আমরা চাই না আইনগত বাধ্যবাধকতা থেকে সরে দাঁড়াতে।”এদিকে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহু অতীতে সেখানে সফর করতে সক্ষম হয়েছেন, এমনকি রাজনৈতিক মিত্রদের সঙ্গে বৈঠকও করেছেন।