বিপ্লবী বার্তা

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআই-ড্রাইভারসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের কোনাবাড়ীতে প্রিজন ভ্যান থেকে মাদক মামলার আসামি রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩৪) পালানোর ঘটনায় করা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে বাস্তব ঘটনার গরমিল পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা, প্রিজন ভ্যানের চালক ও পলাতক আসামির বোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—প্রিজন ভ্যানের স্কট পার্টির ইনচার্জ এসআই (সশস্ত্র) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।পুলিশের তথ্যমতে, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে স্কট করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। পথে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থেকে হাজতি বন্দি নং-৩৭৭৪/২৬ রাজা বাদশা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যায়।এ ঘটনায় কোনাবাড়ী থানায় ২৯ সেপ্টেম্বর পেনাল কোডের ২২৪ ধারায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার গাজীপুর মহানগর ডিবির দক্ষিণ বিভাগে দেওয়া হয়। মামলাটি তদন্ত করছেন ডিবির ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় এসি ডিবি আছাবুর রহমান, এসি জোসেফ মঞ্জুর চৌধুরী, ইন্সপেক্টর নাহিদ হাসান সুমনসহ ডিবির একটি দল তদন্তে সহযোগিতা করছে। তদন্তে বিভিন্ন সাক্ষ্য, প্রমাণ ও আলামত সংগ্রহের পর ঘটনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।তদন্তে জানা যায়, ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি রওনা হওয়ার পর ঢাকার তাঁতীবাজার এলাকার পুপলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও আরেক হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয়।পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, খাইরুল বাশার প্রিজন ভ্যানের চালকের আসনের পাশে বসেন। তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর ভ্যানে ওঠেননি। পরে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজা সেখান থেকে পালিয়ে যান বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।পরবর্তীতে এসআই প্রবীর রাত সাড়ে ৮টার দিকে এজাহারে উল্লেখ করা ঘটনাস্থলে গিয়ে প্রিজন ভ্যানে ওঠেন এবং স্কট পার্টির সদস্যদের নিয়ে সেখানে আসামি পালানোর ঘটনা সাজানো হয় বলে তদন্তে উঠে এসেছে।গাজীপুর মহানগর ডিবি জানিয়েছে, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।মামলাটির তদন্ত এখনো চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পলাতক আসামি পিচ্চি রাজা ওরফে রাজা বাদশাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআই-ড্রাইভারসহ গ্রেপ্তার ৩