বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড ও কিট পরিদর্শন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ‘সাপ্তাহিক মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।আজ সকাল ০৮:০০ ঘটিকায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালামি গ্রহণ করেন। এরপর তিনি প্যারেড অধিনায়ককে সাথে নিয়ে সুসজ্জিত কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। এবারের প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। তার বলিষ্ঠ নেতৃত্বে পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে প্যারেড প্রদর্শন করেন।প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী সদস্যদের পোশাক-পরিচ্ছদ (টার্ন আউট), শারীরিক ফিটনেস এবং শৈল্পিক দক্ষতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি ও সক্ষমতায় সন্তোষ প্রকাশ করে তিনি সেরা পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত অফিসার ও ফোর্সদের জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।পুলিশ সুপার উল্লেখ করেন, এ ধরনের স্বীকৃতি সদস্যদের মধ্যে পেশাদারিত্ব এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্যারেড শেষে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আইজিপি এবং খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাম্প্রতিক নির্দেশনাগুলো তুলে ধরে বলেন, "জনগণকে দ্রুত ও সঠিক সেবা প্রদান করাই পুলিশের প্রধান লক্ষ্য। শৃঙ্খলা হচ্ছে পুলিশের প্রাণ, তাই ডিউটি পালনে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা যাবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক স্মার্ট পুলিশিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নিজেদের প্রতিনিয়ত দক্ষ করে তুলতে হবে।"উক্ত মাস্টার প্যারেডে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পুরো আয়োজনটি জেলা পুলিশের অভ্যন্তরীণ সংহতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় প্রস্তুতির বহিঃপ্রকাশ হিসেবে প্রতীয়মান হয়েছে।

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড ও কিট পরিদর্শন