প্রাণ ফিরে পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, টাকা পেয়ে স্বস্তিতে গ্রাহকেরা
দীর্ঘদিনের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন টাঙ্গাইলের সখীপুরে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা। ব্যাংকটির সঞ্চয়ী হিসাবের টাকা গ্রাহকদের পরিশোধ করা হচ্ছে বলে জানা গেছে। এতে গ্রাহকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। ধীরে ধীরে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে গতি ফেরার আশাও করছেন অনেকে।ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সঞ্চয়ী হিসাবের গ্রাহকেরা তাঁদের জমা করা টাকা তুলতে পারছেন। তবে মেয়াদপূর্তির পরও যাঁদের স্থায়ী আমানত (এফডিআর) আটকে রয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আগামী মাসের শুরুর দিকে শুরু হতে পারে বলে গ্রাহকদের জানানো হয়েছে। ব্যাংকটির তারল্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ব্যাংকটিতে কোনো তারল্য সংকট নেই। চাহিদামতো টাকা গ্রাহকেরা নিতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ বলেন, বিনা প্রয়োজনে এফডিআর না ভাঙা ভালো। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরতে সকলের সহযোগী কামনা করেন। টাকা তুলতে ব্যাংকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা রোমেছা আক্তার, আ. গফুর মিয়া ও কামরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে টাকা উত্তোলন নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। এখন টাকা ফেরত দেওয়ার উদ্যোগে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাই যত সময়ই লাগুক, টাকা নিয়েই বাড়ি ফিরব।এদিকে, এফডিআরের টাকা তুলতে ব্যাংকে আসা আলম মিয়া বলেন, এফডিআরের টাকা নাকি আগামী মাসের শুরুর দিকে দেবে। টাকা তুলতে বারবার ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে। আমরা চাই, দ্রুত আমাদের আমানতের টাকা ফেরত দেওয়া হোক।