ইরানি নোবেলজয়ী অসুস্থ নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে ভর্তি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে। এর আগে তাকে সাময়িক জামিন দেওয়া হয়।নার্গিসের পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, অসুস্থতার কারণে তাকে রাজধানী তেহরানের পারস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার নিজস্ব চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন।পরিবার ও সমর্থকদের দাবি, বছরের শুরুতে কারাগারে দুবার হৃদ্রোগে আক্রান্ত হন নার্গিস। পর্যাপ্ত চিকিৎসা না পেলে কারাগারেই তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।নার্গিসের স্বামী জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল। আইনজীবী চিরিনে আরদাকানি বলেন, কারাগারে থাকাকালে প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন নার্গিস এবং কথা বলতেও কষ্ট হচ্ছে তার।৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদিকে সর্বশেষ গত ১২ ডিসেম্বর মাশহাদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।