চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার বিকেলে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।অন্যদিকে, রবিবার সকালে মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা অপর একটি অভিযান চালান। সীমান্ত পিলার ৭১/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরের ধোপাখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২৩ বোতল সিরাপ উদ্ধার করা হয়।বিজিবি জানায়, মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।