বিপ্লবী বার্তা

কুবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য পেলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।  প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য যে-কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।নবনিযুক্ত উপাচার্য ড. এম এম শরীফুল করীম বলেন, 'আমাদের প্রথম ভিশনই হলো শিক্ষার্থীদের পাঠদানের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা।'তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।"তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের আবাসন সংকট, পরিবহন সমস্যা, খাবারের ভর্তুকিসহ যাবতীয় সমস্যাগুলোর ধাপে ধাপে সমাধানে কাজ করা হবে।'

কুবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. শরীফুল করীম