বিপ্লবী বার্তা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা বিসিবির

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।রোববার (১০ মে) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এবারের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড়ও। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন তাজনেহার ও জুয়াইরিয়া ফেরদৌস।দল ঘোষণার সময় প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, দেশের নারী ক্রিকেটে এখনো পর্যাপ্ত মানসম্পন্ন পেসার তৈরি হয়নি। সে কারণেই মাত্র দুইজন পেসার নিয়ে বিশ্বকাপে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে।অন্যদিকে নির্বাচক সালমা খাতুন আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের আসরে অন্তত তিনটি ম্যাচ জয়ের সামর্থ্য রয়েছে টাইগ্রেসদের।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ খেলতে এডিনবার্গে যাবে বাংলাদেশ দল। এই সিরিজকে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন—নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার (উইকেটরক্ষক), জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের যাত্রা শুরু হবে আগামী ১৪ জুন। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর গ্রুপপর্বে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।এর আগে চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা বিসিবির