বিপ্লবী বার্তা

নারায়ণগঞ্জে আলোচনায় ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের দুই মহিষ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর খামারে এখন চলছে ব্যস্ত সময়। কোরবানির পশু প্রস্তুত করতে খামারিরা যখন শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত, ঠিক তখনই জেলার একটি খামারে থাকা দুটি অদ্ভুত নামের মহিষ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের এই দুই অ্যালবিনো মহিষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।বন্দর উপজেলার এসএস ক্যাটল এগ্রো ফার্ম-এ লালন-পালন করা হচ্ছে বিরল প্রজাতির এই দুই মহিষ। সাদা রঙের বিশাল আকৃতির পশু দুটির আচরণ ও নাম নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও খামারে গিয়ে তাদের কাছ থেকে দেখার আগ্রহ দেখাচ্ছেন।খামারের কর্মীদের ভাষ্য, এক মহিষের মাথার অদ্ভুত চুলের স্টাইল দেখে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অন্যদিকে আরেকটি মহিষের স্বভাব অত্যন্ত রাগী। প্রায়ই অন্য মহিষের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে বলে তার নাম দেওয়া হয়েছে ‘নেতানিয়াহু’।খামারে গিয়ে দেখা গেছে, দর্শনার্থীদের অনেকেই মহিষ দুটির সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছেন। কেউ আবার তাদের চলাফেরা ও আচরণ দেখে বিস্ময় প্রকাশ করছেন। শুধু এই দুই মহিষই নয়, খামারটিতে দেশি-বিদেশি জাতের গরু, মহিষ ও ভেড়াসহ নানা ধরনের পশুও রয়েছে।খামারের রাখাল রাসেল জানান, মহিষ দুটির আচরণ অন্যদের চেয়ে আলাদা হওয়ায় মজার ছলে এমন নাম দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসি খায় এবং বিশেষ যত্নে বড় করা হচ্ছে। নাম ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই অনেক মানুষ দেখতে আসছেন।খামারের মালিক মেহেনুমা মেহজাবিন জানান, তারা দীর্ঘদিন ধরেই পশু পালন করছেন। অ্যালবিনো জাতের মহিষ খামারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে নামগুলো মূলত খামারের রাখালরাই দিয়েছেন বলে জানান তিনি।এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেছেন, কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় পর্যাপ্ত পশুর মজুত রয়েছে। পাশাপাশি পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে কাজ করবে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে আলোচনায় ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের দুই মহিষ