বিপ্লবী বার্তা

মুখ ঢেকে কথা বললেও লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

২০২৬ বিশ্বকাপে ফুটবলের পরিচিত নিয়মে আসছে বড় পরিবর্তন। খেলাকে আরও গতিশীল, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ করতে চারটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা।এর আগে ১৯৭০ বিশ্বকাপে প্রথম দেখা গিয়েছিল হলুদ ও লাল কার্ড, ২০১৮ সালে যুক্ত হয়েছিল ভিএআর প্রযুক্তি। এবার নতুন নিয়মগুলো ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।নতুন নিয়মের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বাধ্যতামূলক পানিবিরতি। এখন থেকে আবহাওয়া যেমনই থাকুক, প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি দিতে হবে। ফিফার দাবি, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তবে সমালোচকদের মতে, এতে ম্যাচের গতি কমে যাবে এবং সম্প্রচারকারীরা বাড়তি বিজ্ঞাপনের সুযোগ পাবে।এবার আরও বাড়ছে ভিএআরের ক্ষমতা। গোল, পেনাল্টি বা সরাসরি লাল কার্ডের পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড এবং ভুল কর্নারের সিদ্ধান্তও পর্যালোচনা করা যাবে। ফিফা বলছে, দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিশ্চিত করতেই এই পরিবর্তন।সময় নষ্ট ঠেকাতে থাকছে কড়া ব্যবস্থা। গোলকিক, থ্রো-ইন কিংবা বদলির সময় নির্দিষ্ট কাউন্টডাউন মানতে হবে। সময় বেশি নিলে বল প্রতিপক্ষের কাছে চলে যেতে পারে। বদলির ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে নতুন খেলোয়াড়ও সঙ্গে সঙ্গে নামতে পারবেন না।সবচেয়ে বিতর্কিত নিয়ম এসেছে খেলোয়াড়দের আচরণ নিয়ে। প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখলে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন রেফারি। এছাড়া প্রতিবাদ করে মাঠ ছেড়ে গেলে বা দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে দলকে।ফিফার মতে, নতুন এই নিয়মগুলো খেলাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করবে। তবে ফুটবলপ্রেমীদের একাংশের প্রশ্ন, এত পরিবর্তনের পর বিশ্বকাপের চিরচেনা আবহ কতটা আগের মতো থাকবে?

মুখ ঢেকে কথা বললেও লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম