ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।ডেপুটি প্রেস সচিব জানান, দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর গ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর ত্রিশাল নজরুল ডাক বাংলোতে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন।বিকালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নজরুল জয়ন্তীর অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে দলীয় কার্যক্রমে অংশ নেবেন তিনি। সেখানে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির এক সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমান।সব কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।