মিথ্যা ধর্ষণ মামলায় খালাস ইমাম জুবায়েরের পুনর্বাসন দাবি এনসিপির
মিথ্যা ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে খালাস পাওয়া ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং চাকরি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখা।সংবাদ সম্মেলনে বলা হয়, একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়ের তার চাকরি, সামাজিক মর্যাদা এবং আর্থিক স্থিতি হারিয়েছেন। দীর্ঘ আইনি লড়াই ও ঋণের চাপে তিনি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়।এনসিপির নেতারা বলেন, একজন নির্দোষ নাগরিককে মিথ্যা মামলায় জড়িয়ে তার জীবন ও সম্মান নষ্ট করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সমাজ ও বিচার ব্যবস্থার জন্য গুরুতর সংকেত বলেও মন্তব্য করেন তারা।সংবাদ সম্মেলনে ইমাম জুবায়েরের পূর্ণ পুনর্বাসন, সসম্মানে চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান এবং যারা এই মিথ্যা মামলার পেছনে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।এনসিপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার (৯ মে ২০২৬) ভুক্তভোগী ইমাম জুবায়েরের বাড়িতে সরেজমিনে যান দলের যুগ্ম সদস্য সচিব ও ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা। তিনি সেখানে জুবায়েরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং আইনি সহায়তা ও পুনর্বাসনে দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।