পূর্বধলায় ওয়াজের তারিখ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার
ধর্মীয় বক্তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ওয়াজ মাহফিলের তারিখ ও সময় নির্ধারণের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় পূর্বধলা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্বধলা থানা পুলিশের একটি দল কটিয়াদী মডেল থানা পুলিশের সহায়তায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে অভিযান চালায়। সেখানে নুরুজ্জামানের সম্মন্ধী কাউসারের (৮৬) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিম কার্ড জব্দ করা হয়।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুজ্জামান ও তার সহযোগীরা প্রায় দুই বছর ধরে সংঘবদ্ধভাবে এ ধরনের প্রতারণা করে আসছিলেন। তারা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।পরে ওয়াজ মাহফিলের তারিখ ও সময় নির্ধারণ এবং ফরম বিতরণের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। পুলিশের তদন্তে আরও জানা যায়, ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে বাদী রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তার শ্যালিকা পরিচয় দিতেন নুরুজ্জামান। এসব ভুয়া আইডি ও নম্বর ব্যবহার করে ওয়াজ মাহফিলের তারিখ চূড়ান্ত করার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পুলিশের দাবি।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ আরও তিনটি মামলা রয়েছে।গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।