বিপ্লবী বার্তা

নির্জন সড়কে বৃদ্ধ ভ্যানচালকের মাথায় আঘাত, ভ্যান ছিনতাই করে পালাল দুর্বৃত্ত

যশোরের কেশবপুরে যাত্রীবেশে নির্জন সড়কে নিয়ে এক বৃদ্ধ ভ্যানচালকের মাথায় আঘাত করে তাঁর ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মফেজ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্যান নিয়ে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে তাঁর সঙ্গে ১৫০ টাকা ভাড়া ঠিক করেন। পরে ওই ব্যক্তি ভ্যানে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা হন।পথিমধ্যে কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী ওই ব্যক্তি ভ্যানচালকের মাথায় ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর জখম করেন। এরপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যান।পরে ওই সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় লোকজন রাস্তার পাশে আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা শঙ্কামুক্ত।

নির্জন সড়কে বৃদ্ধ ভ্যানচালকের মাথায় আঘাত, ভ্যান ছিনতাই করে পালাল দুর্বৃত্ত