বিপ্লবী বার্তা

ফার্নেস তেলের দাম আবারও বাড়ল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। সোমবার রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।সোমবার (১৮ মে) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে আমদানি মূল্য এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে গত মাসেও ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছিল। টানা দুই দফা দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নতুন দামে বিপিসির অধীন পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের সবচেয়ে বড় ক্রেতা সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে যায়। এরপর গত ফেব্রুয়ারিতে প্রথমবার ফার্নেস তেলের দাম নির্ধারণ করে বিইআরসি। এবার নিয়ে তৃতীয়বারের মতো দাম সমন্বয় করল সংস্থাটি।

ফার্নেস তেলের দাম আবারও বাড়ল