বিপ্লবী বার্তা

দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী চলমান সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার ১৭ই অক্টোবর ২০২৬ ইং সকাল ১০:০০ টার দিকে হাউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়রামপুর রেল স্টেশন এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।অভিযানে সশরীরে উপস্থিত থেকে  পরিষ্কার- পরিচ্ছন্নতা কাজে অংশ নেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি নির্দেশনার আলোকে জয়রামপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম, চারপাশের ঝোপঝাড়, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে এডিস মশার প্রজননস্থল হিসেবে পরিচিত পরিত্যক্ত পাত্র, টায়ার ও প্লাস্টিকের কৌটা ধ্বংস করা হয়।পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও লাভলী ইয়াসমিন উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। আমরা যদি নিজ নিজ বাড়ি, কর্মস্থল এবং চারপাশ পরিষ্কার রাখি, তবে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।তিনি জয়রামপুর রেল স্টেশন ও বাজার এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। অভিযানে দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য রওশনারা রাণী, প্রতিনিধি, ইউপি গ্রাম পুলিশের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সাধারণ জনতা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশন এলাকা পরিষ্কার হওয়ায় মশার উপদ্রব কমার পাশাপাশি যাতায়াতের পরিবেশও সুন্দর হয়েছে।

দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান