শহীদ আরমান সড়কের নাম পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি
১৯৯৪ সালের ৩০ জুন তসলিমা নাসরিনবিরোধী আন্দোলনে নিহত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক শহীদ আরমান (রহ.)-এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।পরবর্তিতে জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা পরিষদের প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তৎকালীন কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আবু তাহের মিঞার উদ্যোগে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের নাম "শহীদ আরমান সড়ক" রাখা হয়েছিল। তবে পরবর্তীতে একটি মহল ওই নামফলক অপসারণ করে।স্মারকলিপিতে শহীদ আরমানের ত্যাগ ও আত্মদানের যথাযথ স্বীকৃতি হিসেবে পুনরায় "শহীদ আরমান সড়ক" নামটি বহাল রাখা এবং নতুন করে নামফলক স্থাপনের দাবি জানানো হয়।এ সময় জেলা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান খেলাফত ছাত্র মজলিসের নেতারা।