বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর-ধানসূরা পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পুলিশ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মাদকদ্রব্য নিয়ামতপুর এলাকায় নিয়ে এসেছিল।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান  বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুই মাদক কারবারিকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

নিয়ামতপুরে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার