বিপ্লবী বার্তা

ইবি গ্রিন ফোরামে নতুন নেতৃত্বে আছেন যারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘গ্রিন ফোরাম’ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নিজের প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে চাই।তিনি আরও উল্লেখ করেন যে, এই গুরুদায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একইসাথে তিনি তাদের ভবিষ্যৎ পথচলা যেন সঠিক ও সহজ হয়, সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।কমিটির অন্যান্য পদের নাম ঘোষণা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ইবি গ্রিন ফোরামে নতুন নেতৃত্বে আছেন যারা