বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর মুচলেকা

​নওগাঁর নিয়ামতপুরে অসৎ উদ্দেশ্যে অতিরিক্ত ডিজেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভভেরেন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।​অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন চৌধুরীর দোকানে তল্লাশি চালিয়ে ৩ হাজার লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করায় তার হেফাজত থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযুক্ত হুমায়ুন চৌধুরী রসুলপুর ইউনিয়নের মুন্দিখোর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।​অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, পেট্রোলিয়াম আইন অনুযায়ী একজন ব্যক্তি গ শ্রেণির পেট্রোলিয়াম সর্বোচ্চ ২ হাজার লিটার পর্যন্ত মজুদ রাখতে পারেন। কিন্তু ওই ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার তেল পাওয়া যায়। আইনি সীমার অতিরিক্ত হওয়ায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং বাকী ২ হাজার লিটার তাঁর জিম্মায় রাখা হয়েছে।" ​তিনি আরও জানান, ভবিষ্যতে যেন তিনি এভাবে অতিরিক্ত তেল মজুদ না করেন, সে বিষয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত তেলের বিষয়ে নিয়মানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়ামতপুরে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর মুচলেকা