শ্যামারচরে উদ্বোধন হলো প্রথম বারের মতো ডায়াগনস্টিক সেন্টার
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয়দের মতে, এই প্রতিষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হওয়ার একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।সুনামগঞ্জ-২ (দিরাই- শাল্লা) আসনের প্রায় ৩ লাখ ৭১ হাজার ৩৩৫ মানুষের জন্য বর্তমানে দিরাই উপজেলায় হাতে গোনা কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা - নিরীক্ষার জন্য সেখানে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।অন্যদিকে, শাল্লা উপজেলায় মাত্র একটি ডায়াগনস্টিক সেন্টার থাকায় স্থানীয়দের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে নানা সীমাবদ্ধতা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।এমন বাস্তবতায় শ্যামারচর বাজারে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্বোধন স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং আন্তরিক সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজেন্দ্রগঞ্জ আর.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, শোয়েব মিয়া, আজিজুর মিয়া, জসিম মেম্বার, আস্কর আলী, চানু চৌধুরী, রতন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।