বিপ্লবী বার্তা

এবার 'রাগ করলা' ট্রেন্ডে নেইমার

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড ‘কি রাগ করলা’। সাধারণ নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় এখন দেদারসে ব্যবহৃত হচ্ছে এই সংলাপ। পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্স সবখানেই এখন এই সংলাপের রাজত্ব। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে বাঙালির এই ভাইরাল ট্রেন্ডে গা ভাসিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।বৃহস্পতিবার (২১ মে) ফিফার অফিসিয়াল ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ফেসবুক পেজে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের একটি ছবি পোস্ট করা হয়। পোস্টটির মূল ক্যাপশনে লেখা ছিল, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ তবে চমক ছিল মূল ছবির ভেতরে। সেখানে নেইমারের ছবির ওপর বড় বড় অক্ষরে বাংলায় লিখে দেওয়া হয়, ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল পেজে এমন নিখাদ বাংলাদেশি ট্রেন্ডের ছোঁয়া দেখে রীতিমতো উথাল-পাথাল নেটদুনিয়া। পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই বাংলাদেশি ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।অনেকেই মন্তব্য করেছেন, আন্তর্জাতিক অঙ্গনেও এখন জায়গা করে নিচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কনটেন্ট ও সংস্কৃতি। আবার অনেকেই ফিফার এমন দক্ষ ও সময়োপযোগী সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজির প্রশংসা করছেন।মূলত গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সাধারণ ভিডিও থেকেই এই ‘কি রাগ করলা’ সংলাপটির উৎপত্তি। ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের হাত দেখে ভাগ্য গণনা করছেন। আর সেই হাত দেখার ফাঁকে ফাঁকে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ও মজার ভঙ্গিতে বারবার জিজ্ঞেস করছিলেন, ‘রাগ করলা?’গণকের সেই চটুল ও ব্যতিক্রমী বাচনভঙ্গি মুহূর্তে লুফে নেয় নেটিজেনরা। এর পর থেকেই টিকটক, রিলস কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে এটি দেশজুড়ে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়, যা এবার ছুঁয়ে গেল খোদ ফিফাকেও।

এবার 'রাগ করলা' ট্রেন্ডে নেইমার