বিপ্লবী বার্তা

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের কটাক্ষ

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত শুক্রবার (২২ মে) এই মহিষটির একটি ছবি প্রকাশ করে উপহাসমূলক একটি পোস্ট দেয়। সেখানে তারা ক্যাপশনে লেখে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”এক্সে করা ওই পোস্টে ইরানি দূতাবাস রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’ (RT)-র একটি ভিডিও জুড়ে দেয়, যেখানে বাংলাদেশের এই আলোচিত মহিষটিকে দেখানো হয়েছে। ইরানি দূতাবাস আরটির বরাতে আরও লেখে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো (ধলা) জাতের মহিষটি কেবল নামেই নয়, চেহারার ধরনেও বেশ অদ্ভুত। এটির মাথার সামনের অংশের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছেই ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। চেহারার এই অদ্ভুত মিল থাকার কারণেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম রেখেছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ এই মহিষটি প্রথম সবার নজরে আসে। ট্রাম্পের মতো চুলওয়ালা মহিষের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন শত শত মানুষ খামারটিতে ভিড় জমাতে শুরু করেন।খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত এই ‘ট্রাম্প মহিষ’ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ভিন্নধর্মী এই পশুকে এক ক্রেতা কোনো নির্দিষ্ট পিস হিসেবে নয়, বরং লাইভ ওয়েট বা কেজি দরে কিনে নিয়েছেন। আসন্ন ঈদুল আজহায় মহিষটি কোরবানি করা হবে বলে জানা গেছে।বাংলাদেশের এই ভাইরাল মহিষটি কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোরও নজর কেড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে মহিষটির খবর ফলাও করে প্রচার করা হয়েছে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড এবং জর্ডানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশের এই ‘ডোনাল্ড ট্রাম্প মহিষ’ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এবার ইরানি দূতাবাসের এই ব্যঙ্গাত্মক পোস্টের পর বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও হাস্যরসের খোরাক জোগাল।

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের কটাক্ষ