বিপ্লবী বার্তা

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা

ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানি আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়।এদিকে ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। এর জবাবে মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর ওই মুখপাত্র।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘দস্যুতা’ নীতি ও আগ্রাসনের বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।ঘটনার সূত্রপাত নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ ইস্যুতে জেনেভায় আলোচনা চলাকালে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন বলে দাবি করা হয়।এর প্রতিবাদে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। টানা ৩৯ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়।১১ এপ্রিল ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয় বলে দাবি করা হয়েছে।

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা