বিপ্লবী বার্তা

মুকসুূলদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার মোল্লা এবং জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান। এছাড়া স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।আলোচনা সভা শুরুর আগে একটি সচেতনতামূলক র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে সপ্তাহব্যাপী পুষ্টি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, আগামী শনিবার তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা।সোমবার মা ও শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা সভা। বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির গুরুত্ব তুলে ধরে একটি সুস্থ ও সবল জাতি গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মুকসুূলদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন