মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন আহম্মেদ।আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করা গেলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, অধিকার সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। এ সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকেরা মনে করেন, কন্যাশিশুর জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।