বিপ্লবী বার্তা

জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ১৩০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দর্শনা পুরাতন বাজারের ‘মেসার্স এস আর এন্টারপ্রাইজ’-এর মালিক সেলিম উদ্দীন শান্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জনৈক ট্রাক্টর চালকের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দর্শনা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিজেলসহ ট্রাক্টর ও চালককে আটক করে।খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লাইসেন্স ব্যতীত জ্বালানি তেল মজুত ও বিপণনের অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ব্যবসায়ী সেলিম উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৩০ লিটার ডিজেল জব্দের নির্দেশ দেন।আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে জব্দকৃত তেল নিয়ে প্রশাসন একটি জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করে। জব্দকৃত ১৩০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ বিআর (চালান)-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। উল্লেখ্য, আটককৃত ট্রাক্টর চালকের কাছে বৈধ ‘ফুয়েল কার্ড’ থাকায় তাকে মানবিক বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম জানান, "জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারি রুখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। লাইসেন্সবিহীন তেল মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"গভীর রাতে প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে এবং জব্দকৃত তেল কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ায় স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তি বিরাজ করছে। অভিযানে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা