বিপ্লবী বার্তা

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে ইটের আঘাতে নারী নিহত

স্বামীর মৃত্যুর পর জীবনযুদ্ধে হার মানেননি বীথিকা রানী ঘোষ। একটি ছোট মুদি দোকান আগলে রেখেই বুনেছিলেন বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আর সংসারের ঘানি টানার লড়াই থেমে গেল এক নিমেষেই। সামান্য কিছু স্বর্ণালঙ্কারের লোভে দুর্বৃত্তদের ইটের আঘাতে প্রাণ হারাতে হলো এই সংগ্রামী নারীকে।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) ওই গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানীর একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু পথিমধ্যেই ওঁত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল বীথিকার শরীরে থাকা স্বর্ণের গহনা।ধারণা করা হচ্ছে, গহনা ছিনিয়ে নেওয়ার সময় বীথিকা বাধা দিলে দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতকরা তার মরদেহ পাশের একটি পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে স্বর্ণের দুল ছিল যা নিয়ে গেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাত ৪টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই ও হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এক সংগ্রামী নারীর এমন করুণ মৃত্যুতে মাগুরা কুলুপাড়া গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে। সামান্য গহনার জন্য একজন মানুষকে এভাবে জীবন দিতে হবে, তা যেন বিশ্বাসই করতে পারছেন না প্রতিবেশীরা।

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে ইটের আঘাতে নারী নিহত