বিপ্লবী বার্তা

অদম্য মেধাবীর পাশে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি

আর্থিক সংকটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি অনিশ্চয়তায় থাকা সামিউল বাপ্পি নামে এক অদম্য মেধাবীর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’। সংগঠনের সময়োপযোগী উদ্যোগে ওই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ইচ্ছা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার সন্তান সামিউল বাপ্পি জাবির ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক সংকটে ভর্তি হতে পারছেন না।বিষয়টি নজরে আসার পরপরই রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফাহিম ফয়সালের নেতৃত্বে প্রতিনিধিরা ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেন। এরপর সমিতির শিক্ষক উপদেষ্টামণ্ডলী ও সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সঙ্গে সমন্বয় করে দ্রুত ভর্তির প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়।এ বিষয়ে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছোয়াদ আনাম বলেন, “আমরা সামিউল বাপ্পির ভর্তির দায়িত্ব নিয়েছি। আমাদের অ্যালামনাই ও শিক্ষকদের সহযোগিতায় ইতিমধ্যে ভর্তির প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তাকে জেলা সমিতির পক্ষ থেকে নিয়মিত বৃত্তিও প্রদান করা হবে।”মানবিক এই কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, ভবিষ্যতেও জেলার শিক্ষার্থীদের যেকোনো সংকটে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অদম্য মেধাবীর পাশে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি