কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নতুন করে নির্ধারণ করেছে সরকার। এবার গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানিকে কেন্দ্র করে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।নতুন নির্ধারিত দামে রাজধানীতে গরুর কাঁচা চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকায় বিক্রি হবে। গত বছর এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরের এলাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ঠিক করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পর যাতে কোনো চামড়া নষ্ট না হয়, সেজন্য সরকার আগে থেকেই নানা প্রস্তুতি নিয়েছে। চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।তিনি আরও জানান, কসাই, মাংস ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম, প্রচারপত্র ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের মসজিদগুলোতেও এ বিষয়ে প্রচারণা চালানো হবে বলে জানান মন্ত্রী। ইমামদের মাধ্যমে মুসল্লিদের চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে জানানো হবে।