‘জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের প্রধান দরজার কিছু অংশ পুড়ে গেলেও ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মো. সুজন মোল্লাসহ তিনজন ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে সুজন মোল্লাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতেও শোনা যায়। পরে তাঁরা ব্যাংক কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।ঘটনার পর মো. সুজন মোল্লার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। পরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দরজার কিছু অংশ পুড়ে যেতে দেখেন। তবে কার্যালয়ের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।