বিপ্লবী বার্তা

গ্যাস সিলিন্ডারে মদের চালান লুকানোর চেষ্টা, পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডার ও চালের বস্তার ভেতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।সোমবার (১৮ মে) সকালে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজে অভিযান চালিয়ে তাকে আটক করে কলমাকান্দা থানা পুলিশ। আটক নাসিরউদ্দিন একই ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার ওসি আবুল হাসেমের নির্দেশনায় এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনকভাবে বহন করা একটি চালের বস্তাসহ নাসিরউদ্দিনকে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে দেখা যায়, একটি রান্নার গ্যাস সিলিন্ডারের নিচের অংশ কৌশলে কেটে ভেতরে তুষ ও কুঁড়ো দিয়ে বিশেষভাবে বিদেশি মদের বোতল লুকিয়ে রাখা হয়েছে। বাইরে থেকে যেন কোনো শব্দ না হয়, সেভাবেই বোতলগুলো সাজানো হয়েছিল। পরে পুরো সিলিন্ডারটি চালের বস্তার ভেতরে ভরে সাধারণ মালামাল হিসেবে পাচারের চেষ্টা করা হচ্ছিল।থানায় নিয়ে সিলিন্ডারটি খুলে পুলিশ ৪৮ বোতল ভারতীয় ‘ব্ল্যাক’ (Black)সহ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে।কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। চোরাকারবারিরা অভিনব কৌশল নিলেও পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি মদ ও পাচারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্যাস সিলিন্ডারে মদের চালান লুকানোর চেষ্টা, পুলিশের হাতে যুবক গ্রেপ্তার