বিপ্লবী বার্তা

চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় চন্দ্রকলির ১৫০০ বৃক্ষরোপণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দেড় হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় আট শতাধিক চারা রোপণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ কর্মসূচির উদ্বোধন করেন। চন্দ্রকলি ফাউন্ডেশন উদ্যোগটি বাস্তবায়ন করছে। এতে স্থানীয়ভাবে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস।কর্মসূচির আওতায় ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় আট শতাধিক চারা রোপণের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে বাকি চারাগুলো রোপণের পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়বে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হলের প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় ২০২৬ সালে দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল ও শহীদ আবদুর রব হল এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায়  চন্দ্রকলির ১৫০০ বৃক্ষরোপণ