গরু-মহিষ জবাইয়ে কড়া বিধিনিষেধ পশ্চিমবঙ্গে, নতুন নির্দেশনা জারি
ভারতের পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই সংক্রান্ত আইন আরও কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে নবগঠিত বিজেপি সরকার। রাজ্য সরকারের নতুন নির্দেশনায় পশু জবাইয়ের আগে নির্দিষ্ট শর্ত পূরণ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এখন থেকে কোনো গবাদিপশু জবাই করতে হলে অবশ্যই ফিটনেস সনদ থাকতে হবে। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার যৌথ অনুমোদন প্রয়োজন হবে।নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা লিখিতভাবে নিশ্চিত করবেন যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং এটি কাজ বা প্রজননের অযোগ্য। এছাড়া বার্ধক্য, আঘাত, বিকৃতি বা দীর্ঘমেয়াদি রোগের কারণে পশুটি স্থায়ীভাবে অক্ষম কি না, সেটিও যাচাই করা হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পৌরসভা পরিচালিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে।সরকার জানিয়েছে, ১৯৫০ সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তবে ফিটনেস সনদ দিতে অস্বীকৃতি জানানো হলে আবেদনকারী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।