১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে গণভোটের রায় বাস্তবায়নে ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ছাড়া বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে।এর আগে সকাল ১১টায় একই মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন দলের নেতারা।সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধাপ শেষে পরবর্তী ধাপে সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে বড় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে রাজধানীতে একটি কেন্দ্রীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে।তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নই তাদের আন্দোলনের মূল লক্ষ্য এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।