বিপ্লবী বার্তা

১০০ কেজি গাঁজা নিয়ে কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।রোববার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লা জেলার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কৃষকদল নেতা হেলাল মিয়া (৪২)।এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল বেতুয়া তিন রাস্তার মোড়ে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন। পরে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সেগুলো বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মালামালসহ তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি(তদন্ত)  আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১০০ কেজি গাঁজা নিয়ে কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩