পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। আজ শনিবার (২৩ মে) সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা স্মারক, পবিত্র কুরআন মাজীদ, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে এবং একটি নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করতে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবর্ধিত হাফেজগণ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত হাফেজগণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যান। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।