বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র।বক্তারা দৈনন্দিন জীবনে সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। পুষ্টি বৈষম্য নিরসনে কেবল সরকারি উদ্যোগ নয়, বরং পরিবার ও সমাজকেও সমানভাবে সচেতন হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ডা. শারমিন সুলতানা, বিএমডিএ-র সহকারী প্রকৌশলী তারিক আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।সভাপতির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে, আর তার প্রথম ধাপ হলো সঠিক পুষ্টি নিশ্চিত করা। সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে।

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত