বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী সম্প্রদায়ের বৃহত্তম ও সবচেয়ে বর্ণিল ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশ, বর্ণাঢ্য র‍্যালি এবং মনোজ্ঞ কারাম নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী।​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা মাঠে আয়োজিত এই উৎসবে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরো মাঠ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী কারাম নৃত্য প্রতিযোগিতা।​গৈল দিগুলি ওরাও সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা রনজিত মিনর্জের সঞ্চালনায় এবং রাজা বাবুলাল টপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আরিফ কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।​আলোচনা সভায় বক্তারা বলেন, কারাম উৎসব আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচরণের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে নিজেদের এই সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।​দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে গৈল দীঘরি উড়াঁও সমাজ উন্নয়ন পরিষদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ