সিউবির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন মুখের উচ্ছ্বাস, মঞ্চজুড়ে নাচ-গান, আবৃত্তি, অভিনয় আর কৌতুক। কখনো অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য, কখনো আবার শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা। সব মিলিয়ে নবীনদের বরণ করে নিতে উৎসবমুখর হয়ে উঠেছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিউবি) সাংবাদিকতা বিভাগ।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সাংবাদিকতা পেশার বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিশ্ববিদ্যালয়জীবনে নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। শিক্ষার্থীদের উদ্দেশে নিজের সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি সংবাদপত্র নিয়মিত পড়ার গুরুত্ব এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনার বাস্তব তাৎপর্য নিয়ে আলোচনা করেন।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডিজিগনেটেড) অধ্যাপক এ এস এম সিরাজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক চাপ এবং হতাশার চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।বিভাগের সভাপতি ও প্রধান হিসেবে বক্তব্য দেন এমসিজে বিভাগের প্রধান অধ্যাপক ড. সাইফুল হক। তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের পথচলায় বিভাগটি এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করেন তিনি। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় এ বিভাগের স্নাতকদের চাহিদা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং নির্ধারিত সময়ে স্নাতক সম্পন্ন করার আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ইনচার্জ এ এস এম জি ফারুক বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অন্যদের তুলনায় সৃজনশীল। প্রথম বর্ষ থেকেই তাঁরা গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন।নবীনদের উদ্দেশে প্রবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তামিম হোসেন শাওন। তিনি শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিভিন্ন ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান।তবে অতিথিদের বক্তব্যের বাইরেও দিনের সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে একে একে উঠে আসে নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও কৌতুক। নিজেদের প্রতিভা তুলে ধরে দর্শকদের বিনোদিত করেন বিভাগের শিক্ষার্থীরা। ভবিষ্যতের গণমাধ্যমকর্মীদের এই মঞ্চ যেন হয়ে উঠেছিল তাঁদের সৃজনশীলতা প্রকাশের আরেকটি জায়গা।আবৃত্তি পরিবেশন করেন ইয়ামিন। গান করেন ফারিয়া তানহা ও জিহাদ। অভিনয়ে অংশ নেন বৃষ্টি, নেয়ামত, মো. আশরাফুল ইসলাম ও নেওয়াজ মাহমুদসহ একাধিক শিক্ষার্থী। নৃত্য পরিবেশনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন খাদিজা জান্নাত পরী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিকা জাফর ও শেখ সানি। তাঁদের সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজন পেয়েছিল ছন্দময় গতি।নতুন শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আর প্রবীণদের জন্য ছিল নিজেদের অভিজ্ঞতা ও প্রতিভা ভাগ করে নেওয়ার সুযোগ। অতিথিদের দিকনির্দেশনা আর শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সিউবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।