সৌদি, কাতার ও আমিরাতের সঙ্গে নিরাপত্তা চুক্তি করল ইউক্রেন
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এসব চুক্তিতে ড্রোন সহযোগিতা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রযুক্তি উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এই চুক্তিগুলো ইউক্রেনের সরকারি ও বেসরকারি খাতে বাস্তব সহযোগিতায় রূপ নেবে।জেলেনস্কি জানান, ইউক্রেন প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা, সফটওয়্যার সমন্বয় এবং কম খরচে ড্রোন সরবরাহে অংশীদার দেশগুলোকে সহায়তা করবে। পাশাপাশি যৌথ উৎপাদন ব্যবস্থাও গড়ে তুলতে প্রস্তুত কিয়েভ।তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে শাহেদ ড্রোন ব্যবহার করছে। একটি শাহেদ ড্রোনের দাম যেখানে ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলার, সেখানে এটি ভূপাতিত করতে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র ১০ হাজার ডলারেই সম্ভব, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী।জেলেনস্কি আরও বলেন, এই সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্প্রসারণ করা উচিত। যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।চুক্তিগুলো এমন সময়ে হয়েছে, যখন ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরান অভিযোগ করেছে, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলায় সহায়তা করেছে। তবে সংশ্লিষ্ট দেশগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে।গত মার্চে মধ্যপ্রাচ্য সফরের সময় জেলেনস্কি এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি তৈরি করেন।