বিপ্লবী বার্তা

কাঁঠালিয়া বিএনপি নেতার উপর হামলার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মাস্টার ও বিএনপি নেতা কবির মৃধার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধাকে স্থানীয় আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেতালবুনিয়া গ্রামের মো. শাহজাহান মাস্টারের সঙ্গে পৈতৃক জমি নিয়ে একই এলাকার মো. সিদ্দিক উকিল ও ফুল মিয়া উকিলসহ কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে আগামী ২১ এপ্রিল একটি চূড়ান্ত সালিশি বৈঠকের তারিখ নির্ধারিত ছিল।এরই মধ্যে গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মাস্টার নিজের বাগান থেকে ৪ ছড়ি কলা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওঁত পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে স্থানীয় ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধা এগিয়ে এলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত কবির মৃধার শরীরে জখমের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলমান আছে।কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুর রহমান বলেন, "বিবাদী সিদ্দিক উকিল ও তার লোকজন অত্যন্ত প্রভাবশালী। তারা স্থানীয় কোনো সালিশ-মীমাংসার তোয়াক্কা করেন না এবং এলাকায় প্রায়ই সহিংসতা সৃষ্টি করেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা শাহজাহান মাস্টারের পৈতৃক জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন।"সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সালিশি প্রক্রিয়া চলমান থাকলেও এই হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, "জমি সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কাঁঠালিয়া বিএনপি নেতার উপর হামলার অভিযোগ