ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে জাতীয় ছাত্রশক্তি
ভারতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি জানায়, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর গ্রেফতার, বলপ্রয়োগ ও হামলার অভিযোগের পাশাপাশি শিক্ষার্থীদের ‘ককরোচ’ বলে তাচ্ছিল্য করার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে ভারতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, সরকারি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ফলাফল জালিয়াতি এবং নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। উচ্চ বেকারত্বের প্রেক্ষাপটে এমন পরিস্থিতি শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করে সংগঠনটি।জাতীয় ছাত্রশক্তি আরও দাবি করে, আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘চলো সংসদ’ কর্মসূচি পালনকালে দিল্লি পুলিশ আটক করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমাধান করা সরকারের দায়িত্ব হলেও সে ক্ষেত্রে উল্টো দমনমূলক আচরণ দেখা যাচ্ছে।বিবৃতিতে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরা হয়। সংগঠনটি উল্লেখ করে, শিক্ষার্থীদের অবজ্ঞা, তাচ্ছিল্য বা দমন করার চেষ্টা কখনোই ইতিবাচক ফল বয়ে আনে না এবং ইতিহাসে এর বিভিন্ন উদাহরণ রয়েছে। শিক্ষার্থীদের ‘ককরোচ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদে ভারতের শিক্ষার্থীদের অবস্থানের প্রতিও সমর্থন জানায় জাতীয় ছাত্রশক্তি।ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের সহিংসতা ও বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে এবং তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণ পরিহার করে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের প্রতি জাতীয় ছাত্রশক্তির সমর্থন অব্যাহত থাকবে।বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।