আসছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’
ডিজিটাল বিনোদনের দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে শুরু থেকেই আলাদা অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলো সবার আগে ওটিটিতে দেখার সুযোগ মিলবে এই প্ল্যাটফর্মে।নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে ‘উৎসব’। ফলে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে পারে নতুন এক ডিজিটাল ভান্ডার।প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, “বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষীরা যেন সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।”তিনি আরও বলেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় এবং প্রবাসীদের নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ সীমিত থাকায় ‘উৎসব’ সেই ঘাটতি পূরণে কাজ করবে।সংশ্লিষ্টদের মতে, বিশ্বজুড়ে বাংলা কনটেন্টের দর্শক বাড়লেও নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির মাধ্যমে দর্শকরা বিশ্বের যেকোনো স্থান থেকে নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।প্রাথমিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে সেবা চালু হলেও পরবর্তীতে গুগল প্লে স্টোরে অ্যাপ আনা হবে। এছাড়া ধাপে ধাপে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও পাওয়া যাবে ‘উৎসব’ এর সেবা।